হাওরে এমন দুর্যোগ কম দেখেছি: এমপি ফজলুর রহমান

আমিরুল ইসলাম
প্রকাশ: শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৫১ অপরাহ্ণ
হাওরে এমন দুর্যোগ কম দেখেছি: এমপি ফজলুর রহমান

মোঃ আলী রহমান খান, কিশোরগঞ্জ প্রতিনিধি: অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন উপজেলার হাওর পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। 

শনিবার (২ মে) বিকেলে অষ্টগ্রামের জিরো পয়েন্ট এলাকায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দেশি-বিদেশি সংস্থা ও উন্নত রাষ্ট্রগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানান।

সংসদ সদস্য তাঁর নির্বাচনী এলাকার ২৪টি ইউনিয়নের হাওর এলাকা ঘুরে দেখেন। তিনি বলেন, “আমি আমার দীর্ঘ জীবনে হাওরে এমন দুর্যোগ খুব কমই দেখেছি। মাইলের পর মাইল হাওর এখন নদীতে পরিণত হয়েছে। কৃষকের বেঁচে থাকার একমাত্র অবলম্বন সোনালী ধান আজ পানির নিচে তলিয়ে গেছে। এমন কোনো ঘর নেই যারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়নি।”

অ্যাডভোকেট ফজলুর রহমান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস খাদ্য সহায়তা প্রদান করা হবে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করার কাজ শুরু হয়েছে। তিনি দলীয় নেতাকর্মী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়ে এই দুর্যোগ মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন।

এ সময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলছুম রেখা, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল ও সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবুসহ সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন