টেকনাফে কিশোর অপহরণ, ১০ লাখ টাকা দাবি

আমিরুল ইসলাম
প্রকাশ: শনিবার, ০২ মে ২০২৬, ০৭:১৭ অপরাহ্ণ
টেকনাফে কিশোর অপহরণ, ১০ লাখ টাকা দাবি

ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে হ্নীলা ইউনিয়নের রাঙিখালী জুম্মা পাড়া এলাকা থেকে মোহাম্মদ মিসকাত (১৬) নামে এক কিশোরকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে পরিবারের কাছে ১০ লাখ টাকা দাবি করছে বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার (২৬ এপ্রিল) রাত আনুমানিক ১টার দিকে মিসকাত প্রাকৃতিক প্রয়োজনে ঘর থেকে বাইরে বের হয়ে আর ফিরে আসেনি। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পরদিন থেকে অপহরণকারীরা পরিবারের কাছে ফোন করে মোটা অঙ্কের এই মুক্তিপণ দাবি করতে শুরু করে। অপহৃত মিসকাত ওই এলাকার মোহাম্মদ আলীর বড় ছেলে।

ভুক্তভোগী পরিবারের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মোহাম্মদ আলীর আপন ফুফাতো ভাই হেলাল ভাড়াটে লোক দিয়ে এই অপহরণ ঘটিয়েছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ইতিমধ্যে টেকনাফ থানায় লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে বিষয়টি নিয়ে এখনো পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। দ্রুত মিসকাতকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছে তাঁর পরিবার।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন