শ্রীপুরে দুই খাল পুনঃখনন কাজের উদ্বোধন

আমিরুল ইসলাম
প্রকাশ: শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ণ
শ্রীপুরে দুই খাল পুনঃখনন কাজের উদ্বোধন

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে পারুলিয়া ও বিন্দাই খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (২ মে) দুপুরে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হোসাইন উজ্জ্বল জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইউজিপিপি কর্মসূচির আওতায় খাল দুটি পুনঃখনন করা হচ্ছে। ইজ্জতপুর এলাকার পারুলিয়া খালের ৩.৪৫০ কিলোমিটার অংশ পুনঃখননে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৪৫৮ টাকা। অপরদিকে, রাজেন্দ্রপুর এলাকার বিন্দাই খালের ২.৪০ কিলোমিটার অংশ পুনঃখননে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৮ লাখ ৬৫ হাজার ২০ টাকা।

উদ্বোধন অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভুঁইয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, শ্রীপুর ইউসিসিএ-এর চেয়ারম্যান এস এম মাহফুল হাসান হান্নানসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা আশা করছেন, এই প্রকল্পের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে। পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন