সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. কাঙ্গাল মিয়া নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১ মে) দুপুরে উপজেলার লালপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল শুক্রবার দুপুর আড়াইটার দিকে লালপুর ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে লালপুর (শান্তিনগর) এলাকা থেকে কাঙ্গাল মিয়াকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর হেফাজত থেকে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত কাঙ্গাল মিয়া আশুগঞ্জ থানার লালপুর এলাকার মৃত রুহুল আমিনের ছেলে। পুলিশ জানায়, কাঙ্গাল মিয়া এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁর বিরুদ্ধে ইতিপূর্বে আরও দুটি মাদক মামলা রয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা রুজু করা হয়েছে। তাঁকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এ.আই.এল/সকালবেলা