ইরানবিরোধী অভিযানে থাকবে না ফ্রান্স

রাকিবুল হাসান
প্রকাশ: শনিবার, ০২ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ণ
ইরানবিরোধী অভিযানে থাকবে না ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিচালিত সামরিক অভিযানে অংশ না নেওয়ার বিষয়ে নিজেদের অনড় অবস্থান আবারও স্পষ্ট করেছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো জানিয়েছেন, বর্তমান সংকটের শুরু থেকেই ফ্রান্স কোনো পক্ষভুক্ত হয়ে যুদ্ধে জড়ায়নি এবং ভবিষ্যতেও এই সংঘাতে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই।

শুক্রবার (১ মে) ফরাসি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী বারো বলেন, “এই সামরিক অভিযানের মূল লক্ষ্যগুলো এখনো অস্পষ্ট। এছাড়া আন্তর্জাতিক আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ থাকায় ফ্রান্সের পক্ষে এই অভিযানের অংশ হওয়া কোনোভাবেই সম্ভব নয়।” তিনি আরও উল্লেখ করেন যে, ফ্রান্স শুরু থেকেই এই যুদ্ধের বিরোধিতা করে আসছে কারণ এটি বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলছে।

সংঘাতের ফলে সৃষ্ট বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কথা উল্লেখ করে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার ওপর জোর দেন। তিনি গণমাধ্যমকে জানান, পারস্য উপসাগরীয় অঞ্চলে নৌচলাচল স্বাভাবিক রাখতে একটি বিশেষ আন্তর্জাতিক মিশন গঠনের প্রস্তুতি নিচ্ছে প্যারিস। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ ব্যবহারে কোনো বাধা সৃষ্টি, ব্ল্যাকমেইল বা অবৈধভাবে টোল আদায়ের মতো বিষয়গুলো মেনে নেওয়া হবে না।”

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে বিমান হামলা শুরু করে। এর পাল্টা জবাব হিসেবে তেহরান পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। পাল্টাপাল্টি এই সংঘাতের জের ধরে জ্বালানি সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালি বন্ধ হয়ে যায়, যা আন্তর্জাতিক বাজারে তেলের দাম বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, ফ্রান্সের এই অবস্থান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতির জন্য একটি বড় ধাক্কা। ইউরোপীয় অন্যতম শক্তিশালী মিত্রের এই বিমুখতা ইরান ইস্যুতে ওয়াশিংটনকে অনেকটা একলা চলার পথে ঠেলে দিতে পারে।

মন্তব্য করুন