মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলায় এক নারীর মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বেলাল উদ্দিন নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এই ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই নারী।
অভিযুক্ত বেলাল উদ্দিন নয়ানগর ইউনিয়ন পরিষদের সদস্য। অভিযোগকারী ছুম্মা আক্তার জানান, তাঁর নামে মাতৃত্বকালীন ভাতার কার্ড হলেও ভাতার টাকা সরাসরি তাঁর কাছে পৌঁছায়নি। কাগজপত্রে সবকিছু তাঁর থাকলেও মোবাইল ব্যাংকিংয়ের জায়গায় কৌশলে ইউপি সদস্য তাঁর স্ত্রীর নম্বর ব্যবহার করেন। ফলে ভাতার টাকা মেম্বারের স্ত্রীর অ্যাকাউন্টে চলে যাওয়ায় তিনি এক টাকাও পাননি। এমনকি টাকা ফেরত চাইলে ইউপি সদস্য তা দিতে অস্বীকৃতি জানান।
তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য বেলাল উদ্দিন বলেন, "শুরুতে আমার নম্বরে টাকা আসত এবং আমি তা তুলে তাঁকে দিয়ে দিতাম। পরবর্তীতে তাঁর নম্বর পরিবর্তনের আবেদন করা হয়েছে এবং এখন তাঁর নম্বরেই টাকা যাচ্ছে।"
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ.আই.এল/সকালবেলা