সংবিধান সংস্কার পরিষদ ও পিআর পদ্ধতিতে একমত নয় বিএনপি: মির্জা ফখরুল

রাকিবুল হাসান
প্রকাশ: শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ণ
সংবিধান সংস্কার পরিষদ ও পিআর পদ্ধতিতে একমত নয় বিএনপি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চকক্ষ নির্বাচনের প্রস্তাবে বিএনপি কখনোই একমত হয়নি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জোর দিয়ে বলেছেন, দেশের গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত সংসদের মাধ্যমেই হওয়া বাঞ্ছনীয়।

শনিবার (২ মে) রাজধানীর শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) অডিটোরিয়ামে জিয়া পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “জুলাই সনদের প্রতিটি পর্যায়ে আমরা সক্রিয়ভাবে অংশ নিয়েছি। কিছু বিষয়ে আমাদের ভিন্নমত (নোট অব ডিসেন্ট) থাকা সত্ত্বেও বৃহত্তর স্বার্থে স্বাক্ষর করেছি। কিন্তু এখন যদি বলা হয় যে সব প্রস্তাবই হুবহু বাস্তবায়ন করতে হবে, তবে তা সঠিক হবে না। বিশেষ করে উচ্চকক্ষে পিআর পদ্ধতি এবং সংবিধান সংস্কার পরিষদ—এই দুটি বিষয়ে আমরা শুরু থেকেই একমত হইনি।”

দেশের সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব জানান, তার দল সবসময়ই সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে। তবে সংস্কারের নামে বর্তমানে কিছু রাজনৈতিক শক্তি, বিশেষ করে জামায়াতে ইসলামীর আন্দোলন নিয়ে প্রশ্ন তোলেন তিনি। মির্জা ফখরুলের মতে, এই ধরণের আন্দোলনের উদ্দেশ্য হতে পারে দেশকে অস্থিতিশীল করা। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিগত সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল একটি গণমাধ্যমকে জানান, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের সামাজিক নৈতিকতা ও অর্থনীতি পুরোপুরি ধ্বংস করে দিয়ে গেছে। বর্তমান সরকারের ভেতরের পরিস্থিতি পর্যবেক্ষণ করলে দেখা যায় চারদিকে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির পাহাড়। তদবির ছাড়া এখন যেন কোনো কাজই হয় না। গত ১৫ বছরে দেশে এমন এক অসুস্থ পরিবেশ তৈরি করা হয়েছে যা থেকে উত্তরণ জরুরি।”

স্মরণসভায় আরও বক্তব্য প্রদান করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল লতিফসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয় নিয়ে দলীয় অবস্থান তুলে ধরেন।

মন্তব্য করুন