মেহেদী হাসান মারুফ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার মাঝেই সৈকত মুখার্জী (১৭) নামে এক কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে।
শনিবার (২ মে) ভোর সাড়ে ৪টার দিকে নিজ ঘর থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সৈকত বংশীপুর গ্রামের আদিত্য মুখার্জীর একমাত্র সন্তান।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার সৈকতের বিয়ের দিন ধার্য ছিল। এমনকি গত বৃহস্পতিবার হবু স্ত্রীকে সাথে নিয়ে বিয়ের প্রয়োজনীয় কেনাকাটাও সম্পন্ন করেছিলেন তিনি। শনিবার ভোররাতে পরিবারের সদস্যরা তাঁকে নিজ ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সৈকতের বাবা আদিত্য মুখার্জী জানান, সকালে ছেলের সহপাঠী সীমা ফোন করে জানান যে সৈকত ফোন ধরছে না। এরপর খোঁজ নিতে গিয়ে তাঁরা এই করুণ দৃশ্য দেখতে পান। বিয়ের সব আয়োজন ঠিক থাকার পরেও কেন তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন, তা নিয়ে এলাকায় নানা রহস্য ও গুঞ্জন সৃষ্টি হয়েছে।
শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ.আই.এল/সকালবেলা