নরসিংদীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

আমিরুল ইসলাম
প্রকাশ: শনিবার, ০২ মে ২০২৬, ০৫:১২ অপরাহ্ণ
নরসিংদীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

নাজমুল হক চৌধুরী, নিজস্ব প্রতিবেদক (নরসিংদী): নরসিংদী পৌর শহরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে আল-আমিন নামে এক ইজি বাইক চালক নিহত হয়েছেন। 

শনিবার (২ মে) সকালে শহরের সাটির পাড়া এলাকার আজাদ ফিলিং স্টেশনের সামনে এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় নাইম নামে এক বখাটে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত আল-আমিন রায়পুরা উপজেলার নিলক্ষা গ্রামের নুরুল ইসলামের ছেলে। পুলিশ ও স্বজনরা জানান, আল-আমিনের ছোট বোনকে নাইম নামে এক বখাটে যুবক উত্ত্যক্ত করত। বড় ভাই আল-আমিন স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করলেও ছোট ভাই হাসান তা মেনে নিতে পারেননি। এই ক্ষোভ থেকে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হাসান তাঁর বড় ভাই আল-আমিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ফরিদা গুলশানারা কবির জানান, ছুরিকাঘাতে গুরুতর আহত যুবককে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।

নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এআরএম আল-মামুন জানান, অভিযুক্ত হাসানকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া উত্যক্তকারী বখাটে নাইমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন