‘চাঁদাবাজি-মাদকের সাথে কোনো আপোষ নেই’

আমিরুল ইসলাম
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ণ
‘চাঁদাবাজি-মাদকের সাথে কোনো আপোষ নেই’

মোঃ মামুন রহমান, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলাকে মাদক ও চাঁদাবাজমুক্ত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে থানা পুলিশ। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে জনসচেতনতা বাড়াতে স্থানীয়দের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিয়ার রহমান।

সম্প্রতি এক বক্তব্যে ওসি মতিয়ার রহমান বলেন, “চাঁদাবাজদের ক্ষেত্রে জিরো টলারেন্স—মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। এখনো সময় আছে, মাদক ও ক্যাসিনো থেকে দূরে থাকুন।” তিনি সতর্ক করে বলেন, মাদক ও অবৈধ জুয়ার সঙ্গে সম্পৃক্ততা মানুষের ব্যক্তিগত ও পারিবারিক জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

ওসি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এখনো পর্যন্ত কেউ আমাকে ফোন করে জানাননি কোথায় মাদক বিক্রি হচ্ছে। শুধু পুলিশের পক্ষে এটি নির্মূল করা সম্ভব নয়; সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।” তিনি মাদক কারবারি ও চাঁদাবাজদের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

আটোয়ারী থানা পুলিশ জানিয়েছে, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি পেলে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণ আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন