ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আব্দুল কাইয়ুম আরজু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীতে একদিনেই বজ্রপাতের পৃথক ঘটনায় এক নারীসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া গত দুই দিনে জেলাজুড়ে বজ্রাঘাতে অর্ধশতাধিক গবাদিপশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামের জহির উদ্দিন (২৮), পূর্ব চাকামইয়া গ্রামের সেতারা বেগম (৫৫), শান্তিপুর গ্রামের খালেক হাওলাদার (৫৫) এবং রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামের সৌরভ মজুমদার (২২)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহতরা সবাই বৃষ্টি ও বজ্রপাত চলাকালীন মাঠের কাজে বা গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হন। দুপুর ১টার দিকে জহির উদ্দিন ভুট্টা ক্ষেতে কাজ করার সময় এবং দুপুরে সেতারা বেগম ও খালেক হাওলাদার মাঠ থেকে গরু আনতে গিয়ে প্রাণ হারান। এর আগে সকালে রাঙ্গাবালীতে গরু বাঁধতে গিয়ে নিহত হন সৌরভ মজুমদার।
প্রাকৃতিক এই দুর্যোগে গত ৪৮ ঘণ্টায় কলাপাড়া ও রাঙ্গাবালীসহ জেলার বিভিন্ন এলাকায় অন্তত ৫০টি গরু মারা গেছে। আকস্মিক এই বজ্রপাতে গবাদিপশু হারিয়ে প্রান্তিক কৃষক ও খামারিরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাধারণ মানুষকে ঘরের বাইরে না বের হতে এবং সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। স্থানীয়দের দাবি, সচেতনতার অভাব এবং খোলা মাঠে অবস্থানের কারণেই ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ