নিকলীতে তলিয়ে গেছে ধানক্ষেত: দিশেহারা কৃষক

আমিরুল ইসলাম
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ণ
নিকলীতে তলিয়ে গেছে ধানক্ষেত: দিশেহারা কৃষক

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের নিকলী উপজেলায় কয়েক দিনের অবিরাম বর্ষণ ও উজানের ঢলে তলিয়ে গেছে হাওরের বিস্তীর্ণ বোরো ধানক্ষেত। শ্রমিক ও ডিজেল সংকট এবং পর্যাপ্ত হারভেস্টার মেশিন না থাকায় আধাপাকা ধান ঘরে তুলতে না পেরে চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এ বছর নিকলীতে ১৩,৩৮৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে হাওরের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ১৯২৫ একর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগ ৫৮ শতাংশ ধান কাটার দাবি করলেও কৃষকদের মতে, প্রতিকূল আবহাওয়ায় মাঠের অধিকাংশ ধান এখনো কাটার অপেক্ষায়। সিংপুর, দামপাড়া, ছাতিরচর ও গুরইসহ বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল এখন পানির নিচে।

কৃষকরা জানান, আগাম বন্যার আশঙ্কায় প্রশাসন ধান কাটার নির্দেশনা দিলেও শ্রমিকের অভাব ও অতিরিক্ত মজুরির কারণে তারা ফসল রক্ষা করতে পারছেন না। ঋণের টাকা দিয়ে চাষাবাদ করে এখন ফসল হারানোর ভয়ে দিশেহারা হাজারো কৃষক। তারা দ্রুত পানি নিষ্কাশন ও সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

উপজেলা কৃষি অফিসার আবদুস সামাদ জানান, পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে জলাবদ্ধতা নিরসনের চেষ্টা চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা মজুমদার মুক্তি বলেন, শ্রমিক ও ডিজেল সংকট কাটাতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃষ্টি কমলেই দ্রুত বাকি ধান কাটার ব্যবস্থা করা হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন