রশিদাবাদে খাল পরিদর্শনে কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসক

আমিরুল ইসলাম
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ণ
রশিদাবাদে খাল পরিদর্শনে কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদরের রশিদাবাদ ইউনিয়নের সগড়া বাজার ও আয়াতদল বিল এলাকায় অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতায় জনভোগান্তি নিরসনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান। 

বুধবার (২৯ এপ্রিল) তিনি সরজমিনে এলাকাটি ঘুরে দেখেন এবং দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নের আশ্বাস দেন।

পরিদর্শনকালে দেখা যায়, সগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আয়াতদল বিল পর্যন্ত খালের বিভিন্ন স্থান দখল করে বসতবাড়ি ও দোকানপাট নির্মাণ করায় প্রাকৃতিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। এতে সগড়া বাজার এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সৃষ্টি হয়েছে। এমনকি সগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্থানীয় মাদরাসাগুলোতে পানি ঢুকে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার চিত্রও পরিলক্ষিত হয়।

জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, “দখল ও অবৈধ স্থাপনার কারণে প্রাকৃতিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। জনগণের ভোগান্তি লাঘবে দ্রুত খাল ও ড্রেনগুলো পুনরুদ্ধার করে পুনঃখননের উদ্যোগ গ্রহণ করা হবে।” শিক্ষার্থীদের পড়াশোনা ও সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে তিনি সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

পরিদর্শনকালে তিনি সগড়া এলাকায় ক্যান্সারে আক্রান্ত যুবক সোহাগ (২৮)-এর বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদানের আশ্বাস দেন।

এ সময় রশিদাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদ উদ্দীনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন