ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রুপম চাকমা, দীঘিনালা: কালবৈশাখী ঝড় ও হঠাৎ অতিবৃষ্টিতে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কৃষকদের সোনালি স্বপ্ন এক নিমিষেই তছনছ হয়ে গেছে। মাঠের পর মাঠ পাকা ধান এবং কেটে রাখা ফসল পানিতে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া ঝড়ো হাওয়া ও টানা বৃষ্টিতে দীঘিনালার বিভিন্ন নিচু জমি প্লাবিত হয়। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন প্রান্তিক কৃষকরা। কৃষকদের অভিযোগ, যারা শেষ সময়ে ধান ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন, মৌসুমের এই মুহূর্তে এমন প্রাকৃতিক দুর্যোগ তাদের পথে বসিয়ে দিয়েছে। অনেকে ঋণ নিয়ে চাষাবাদ করলেও ফসল নষ্ট হয়ে যাওয়ায় এখন তারা দিশেহারা।
স্থানীয় কৃষক মকবুল হোসেন বলেন, "সারা বছর কষ্ট করে যে ফসল ফলাই, সেই ফসলই এবার ঘরে তুলতে পারলাম না। কালবৈশাখীর এক ঝড়ে আমার সব শেষ হয়ে গেল।" ক্ষতিগ্রস্ত কৃষকদের আশঙ্কা, দ্রুত সরকারি সহায়তা না পেলে এই ক্ষতি কাটিয়ে ওঠা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়বে। তারা জরুরি ভিত্তিতে ক্ষতিপূরণ ও কৃষি পুনর্বাসন সহায়তার দাবি জানিয়েছেন।
দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন জানিয়েছেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত ফসলি জমির পরিমাণ নিরূপণে কৃষি বিভাগ কাজ করছে। দ্রুত তালিকা তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ