ক্ষতিপূরণ দাবি করে ইউএনওকে লিগ্যাল নোটিশ

আমিরুল ইসলাম
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ণ
ক্ষতিপূরণ দাবি করে ইউএনওকে লিগ্যাল নোটিশ

মোঃ মনিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বরিশালের গৌরনদী পৌরসভার হোল্ডিং নম্বর প্লেট স্থাপন কাজ পূর্ব অনুমোদন থাকা সত্ত্বেও অন্য প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দাবি করে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানো হয়েছে।

বেসরকারি সংস্থা 'টার্গেট পিপল ফর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন' (টিপিডিও)-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আলীর পক্ষে বরিশাল জজকোর্টের আইনজীবী আনোয়ার হোসেন মিজান মঙ্গলবার (২৭ এপ্রিল) এই নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়, ২০২৫ সালের মার্চ মাসে টিপিডিও-কে হোল্ডিং নম্বর প্লেট স্থাপনের কাজের অনুমোদন দেয় পৌর কর্তৃপক্ষ। পরবর্তীতে অ্যাসেসমেন্ট কার্যক্রমের জন্য কাজ স্থগিত রাখা হলেও, চলতি বছরের ১২ মার্চ পুনরায় আবেদন করলে ১৫ মার্চ তাদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এর প্রেক্ষিতে সংস্থাটি প্রায় ১০ হাজার প্লেট প্রস্তুত, জনবল নিয়োগ ও সরঞ্জামাদি ক্রয় করে। কিন্তু সম্প্রতি হঠাৎ করেই একই কাজ অন্য একটি সংস্থাকে প্রদান করা হয়েছে বলে অভিযোগ করা হয়। এতে টিপিডিও প্রায় ১৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে বলে দাবি করেছে।

অ্যাডভোকেট আনোয়ার হোসেন মিজান বলেন, "আমার মক্কেলের পক্ষে গৌরনদী পৌর প্রশাসককে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে জানতে চাওয়া হয়েছে কী কারণে পূর্ব অনুমোদন বাতিল করে কাজ অন্যত্র দেওয়া হলো। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে আমরা আইনি পদক্ষেপ নেব।"

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম বলেন, "পৌরসভা থেকে একটি আবেদনের কাগজ পেয়েছিলাম, তাই যাচাই-বাছাইয়ের সুযোগ ছিল না। তবে অভিযোগ থাকলে সেটিও বিবেচনা করা হবে। তাদের আমার অফিসে আসতে বলেন, যদি পূর্ব অভিজ্ঞতা থাকে তবে তাদেরও কাজ দেওয়া হবে। আমি যাদের কাজ দিয়েছি তারা আমার আত্মীয় নয়।"

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন