ভাসানীর আদর্শে গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় প্রতিমন্ত্রী টুকুর
সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি: মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সংগ্রামী আদর্শ বুকে ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘মওলানা ভাসানী কখনো অন্যায়-অবিচারের কাছে মাথা নত করেননি। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন লড়াই করেছেন। তাঁর সেই আপসহীন আদর্শ বুকে ধারণ করেই আমরা সামনের পথে এগিয়ে যাব।’
তিনি উল্লেখ করেন, মহান স্বাধীনতাযুদ্ধের মূল বীজ টাঙ্গাইল থেকেই বপন করেছিলেন মওলানা ভাসানী। নির্যাতিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও এ দেশের মেহনতি মানুষের অধিকার আদায়ে আন্দোলন-সংগ্রাম করেছেন এবং তাঁরা কেউই অন্যায়ের কাছে আপস করেননি।
বিগত রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে প্রতিমন্ত্রী দাবি করেন, যারা দেশে গণতন্ত্র হরণ করে বাকশাল কায়েম করেছিল, তারাই স্বাধীনতার মূল চেতনাকে ধ্বংস করেছে। গত ১৭ বছর ফ্যাসিবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন ও হত্যাযজ্ঞ চালানো হয়েছে এবং সর্বশেষ জুলাই আন্দোলনে ১ হাজার ৪০০ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, জনগণের মাধ্যমে বিতাড়িত সেই অপশক্তি আবারও বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। গোপালগঞ্জে বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি মন্তব্য করেন, বাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না; এটি ফ্যাসিবাদী ও স্বৈরাচারী মানসিকতার পরিচয়। এই অপশক্তি যাতে কোনোভাবেই রাজনীতিতে ফিরে আসতে না পারে, সে জন্য পাড়া-মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করার আহ্বান জানান তিনি।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে এবং সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু, জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব এবং টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।
এর আগে বিএনপির পক্ষ থেকে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন দলের নেতাকর্মীরা। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ভোর থেকেই সন্তোষে ভাসানীর মাজার প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের ঢল নামে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধায় এই মহান নেতাকে স্মরণ করেন। এ সময় ভক্ত ও মুরিদানদের কণ্ঠে ‘যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মাজার এলাকা।
এআইএল/সকালবেলা