আট দফা দাবিতে ফেনীতে নিকাহ্ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি
ফেনী প্রতিনিধি: কর্মএলাকা বহাল রাখা, অবসরের বয়স ৬৭ থেকে বাড়িয়ে ৭৫ বছর করা, শূন্য পদে নিয়োগ এবং বিবাহ ও তালাক নিবন্ধন ফি বৃদ্ধিসহ আট দফা দাবিতে ফেনীতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ্ রেজিস্ট্রাররা। বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার ও নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ফেনী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের ফেনী জেলা শাখার সভাপতি কাজী সৈয়দ মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী জামাল উদ্দিনের সঞ্চালনায় কর্মসূচিতে জেলার কর্মরত নিকাহ্ রেজিস্ট্রাররা অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্য দেন সমিতির সিনিয়র সহসভাপতি কাজী সামছুদ্দিন আহমেদ, সহসভাপতি কাজী মো. রফিকুল আলম, উপদেষ্টা কাজী শিহাব উদ্দিন ও রবিউল হক পাটোয়ারী, দপ্তর সম্পাদক কাজী নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক কাজী ইব্রাহিম এবং অর্থ সম্পাদক তছলিম উদ্দিন।
বক্তারা বলেন, নিকাহ্ রেজিস্ট্রাররা অত্যন্ত সীমিত আয়ে দায়িত্ব পালন করছেন। একজন নিকাহ্ রেজিস্ট্রার মাসে গড়ে মাত্র পাঁচ থেকে সাতটি বিয়ে নিবন্ধন করেন। এই সামান্য আয় দিয়ে পরিবার পরিচালনা, অফিস ভাড়া, বিদ্যুৎ বিল, বালাম বই কেনা ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয় নির্বাহ করা চরম কঠিন হয়ে পড়েছে। এ ছাড়া অবসরের পর তাঁদের কোনো পেনশন বা অবসরকালীন ভাতা নেই। তাই তাঁদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে সরকারের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।
তাঁরা আরও জানান, সারা দেশে পাঁচ হাজারের বেশি মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার দায়িত্ব পালন করছেন, যাঁদের মধ্যে প্রায় চার হাজার জন বিএনপি সরকারের তিন মেয়াদে নিয়োগপ্রাপ্ত। বিগত সরকারের আমলে অনেক নিকাহ্ রেজিস্ট্রার রাজনৈতিক মামলা, হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন এবং গ্রেপ্তার এড়াতে নিজ এলাকার বাইরে অবস্থান করতে বাধ্য হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়।
সংগঠনটির ঘোষিত আট দফা দাবির মধ্যে রয়েছে—২০০৯ সালের মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালার ১৩ বিধি অনুযায়ী কর্মরত নিকাহ্ রেজিস্ট্রারদের নির্ধারিত কর্মএলাকা বহাল রাখা; অবসরের বয়সসীমা ৬৭ থেকে বাড়িয়ে ৭৫ বছর করা; অবসরপ্রাপ্ত নিকাহ্ রেজিস্ট্রারের সন্তানকে যোগ্যতার ভিত্তিতে নিয়োগের অগ্রাধিকার দেওয়া; বাল্যবিবাহ নিরোধ আইন সংশোধন করে বিয়ের ক্ষেত্রে ছেলের বয়স ১৮ ও মেয়ের বয়স ১৬ বছর নির্ধারণ করা; নিকাহ্ রেজিস্ট্রারদের হয়রানি বন্ধে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযান বন্ধ করা; নিয়োগ প্রক্রিয়ায় স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটার প্রথা বাতিল করা; বিবাহ ও তালাক নিবন্ধন ফি বৃদ্ধি এবং বিবাহ ও তালাকসংক্রান্ত বিষয়ে নোটারি পাবলিকের হলফনামা প্রথা বন্ধ করা।
বিবাহ ও তালাক নিবন্ধন ফি বাড়ানোর প্রস্তাবে সংগঠনটি জানায়, দেনমোহরের প্রতি হাজার টাকায় ১৪ টাকার পরিবর্তে ২০ টাকা এবং পাঁচ লাখ টাকার পরবর্তী প্রতি লাখে ১০০ টাকার পরিবর্তে এক হাজার টাকা ফি নির্ধারণ করতে হবে। পাশাপাশি তালাক নিবন্ধন ফি এক হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা, বিবাহের নকল ফি এক হাজার টাকা এবং কমিশন ফি ৫০০ টাকা করার দাবি জানানো হয়।
এআইএল/সকালবেলা