মৌলভীবাজারে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপির দুই নেতা বহিষ্কার

প্রকাশ: বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ণ
মৌলভীবাজারে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপির দুই নেতা বহিষ্কার

অনলাইন ডেস্ক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা কমিটির দুই শীর্ষ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন— মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া এবং জেলা সমন্বয় কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমেদ।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে জাতীয় নাগরিক পার্টির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তি দুটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

প্রথম বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়ার বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং সংগঠনের নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট ও সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে। ফলে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের যৌথ নির্দেশে এবং সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী তাঁকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

অপর বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমেদের বিরুদ্ধেও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। অভিযোগের গুরুত্ব এবং সংগঠনের সাংগঠনিক স্বার্থ বিবেচনা করে আহ্বায়ক ও সদস্যসচিবের নির্দেশে তাঁকে দলীয় যাবতীয় কার্যক্রম থেকে বহিষ্কার করা হলো। একই সাথে তাঁকে ভবিষ্যতে দলের সব ধরণের কার্যক্রম থেকে বিরত থাকার কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে।

দপ্তরের বার্তায় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, দুই নেতার বিরুদ্ধে গৃহীত এই বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর করা হবে।