গজারিয়ায় ঘর থেকে শ্রমিকের লাশ উদ্ধার

গজারিয়ায় ঘর থেকে শ্রমিকের লাশ উদ্ধার

মোঃ দুলাল সরকার, গজারিয়া প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি ভাড়া বাসা থেকে আব্দুল মালেক (৫৫) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের পশ্চিমকান্দি এলাকার একটি বাসা থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মালেক ঠাকুরগাঁও সদর উপজেলার শাহপাড়া এলাকার মৃত এক্কাবর হোসেনের ছেলে। তিনি গজারিয়ার স্থানীয় একটি শিল্প কারখানায় ফিল্টার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন এবং বাউশিয়ায় ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আব্দুল মালেকের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে সন্দেহ হয়। খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শয়নকক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকারীরা জানান, উদ্ধারের সময় তাঁর মুখ দিয়ে লালা ঝরছিল।

গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ফিরোজ মিয়া জানান, দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এটি স্ট্রোকজনিত মৃত্যু নাকি বিষপানে আত্মহত্যা, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন