ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে মাটিবোঝাই একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে পড়লে চাপা পড়ে নাজিম উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী মতিয়ারা বেগম গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বানাইল ইউনিয়নের পাচচামারী গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, অবৈধভাবে লৌহজং নদীর তীর থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার সময় এই প্রাণহানির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মির্জাপুরের জামুর্কী ইউনিয়নের চুকুরিয়া এলাকা থেকে অবৈধভাবে নদীর মাটি ড্রাম ট্রাকে বহন করে পাকুল্যা-লাউহাটী সড়ক দিয়ে পশ্চিম দিকে নেওয়া হচ্ছিল। পথে পাচচামারী গ্রামে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং ট্রাকটি রাস্তার পাশের টিনের ঘরের বেড়া ভেঙে ভেতরে ঢুকে পড়ে। দুর্ঘটনার সময় ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন নাজিম উদ্দিন; ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত স্ত্রীকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় পিন্টু ও তুষার নামের দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে নদীর মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন, যার ফলে সড়কে নিয়মিত ঝুঁকিপূর্ণভাবে এসব ট্রাক চলাচল করে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেছে। তবে দুর্ঘটনার পর থেকেই ট্রাকের চালক পলাতক রয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ