ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. ফরহাদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে প্রবাসীর পাঠানো ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনাটি আসলে ছিল একটি সাজানো নাটক। এই নাটক সাজিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগে প্রবাসীর ভায়রাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—টঙ্গীবাড়ি উপজেলার ধোপড়া গ্রামের শাহজালাল হালদার ওরফে সাহা (৩৮), খোকন হালদার (৩২) ও ইকবাল হোসেন (৩০)।
পুলিশ জানায়, গত ২৮ ডিসেম্বর প্রবাসী কাইয়ুম খানের পাঠানো ১০ লাখ টাকা সদরের রিকাবী বাজার সিটি ব্যাংক থেকে উত্তোলন করেন তার ভায়রা শাহজালাল সাহা। টাকা নিয়ে তিনি তার স্ত্রী ও প্রবাসীর বোন হালিমা বেগমকে নিয়ে মিশুকযোগে টঙ্গীবাড়ির সেরাজাবাদ যাচ্ছিলেন। পথে আলদী বাজারের ঋষিবাড়ি ব্রিজে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় প্রবাসীর বোন হালিমা বেগম বাদী হয়ে টঙ্গীবাড়ি থানায় একটি মামলা করেন।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, মামলার পর পুলিশের একটি চৌকস টিম তদন্তে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২৯ জানুয়ারি তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে লুুণ্ঠিত ১০ লাখ টাকাসহ ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। প্রবাসীর ভায়রা শাহজালাল সাহা নিজেই এই ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী। তিনি তার দুই বন্ধু খোকন ও ইকবালের সঙ্গে মিলে টাকাগুলো আত্মসাৎ করার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী, ঋষিবাড়ি ব্রিজে খোকন ও ইকবাল যখন টাকার ব্যাগ ধরে টান দেন, শাহজালাল কোনো বাধা না দিয়ে সহজেই তা ছেড়ে দেন। পরে তারা তিন বন্ধু মিলে টাকাগুলো ভাগ করে নেন।
পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আপন আত্মীয়ের এমন বিশ্বাসভঙ্গের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ