ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সায়মন সরওয়ার কায়েম, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও বাজারে গভীর রাতে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় পার্শ্ববর্তী একটি অফিসে লুটপাটের অভিযোগ উঠেছে। অন্যদিকে, দুর্ঘটনাস্থলে যাওয়ার পথে রামু ফায়ার সার্ভিসের একটি গাড়ি মহাসড়কে উল্টে ২ জন দমকল কর্মী আহত হয়েছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) ভোররাতে ঈদগাঁও বাজারের দক্ষিণ পাশে আধুনিক হাসপাতাল সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঈদগাঁও ইউনিয়নের মাইজপাড়া এলাকার জাহেদ হোসেনের মালিকানাধীন মার্কেটের তিনটি দোকানে আগুন লাগে। এতে নুরুল আজিমের চিরাই কাঠের দোকান, আমির আলীর কুলিং কর্নার এবং শামসুল আলমের ফার্নিচার দোকান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কুলিং কর্নার মালিক আমির আলী বলেন, "আমার দোকান দুই দিন ধরে বন্ধ ছিল। ভেতরে আগুন লাগার মতো কোনো উৎস ছিল না। এটা পরিকল্পিত কোনো নাশকতা হতে পারে।" ক্ষতিগ্রস্ত ফার্নিচার দোকানের পাশের একটি অফিসের দরজা ও তালা দা-কিরিচ দিয়ে কেটে নগদ টাকা ও মালামাল লুট করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।
দোকানের মালিক জাহেদ হোসেন জানান, দীর্ঘ ১৮ বছর ধরে ওই জমি নিয়ে একটি মামলা আদালতে চলমান। সম্প্রতি প্রতিপক্ষ আপোষের নামে মোটা অঙ্কের টাকা দাবি করেছিল, যা তিনি প্রত্যাখ্যান করেন। এরপরই এমন অগ্নিকাণ্ড ও লুটের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই কজন অজ্ঞাত ব্যক্তিকে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে দেখা গেছে।
এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রামু থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট রওনা দিলে মহাসড়কে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা দুই জন ফায়ার ফাইটার কমবেশি আহত হয়েছেন। পরবর্তীতে অন্য ইউনিটের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনাস্থল পরিদর্শন করে ঈদগাঁও থানার এএসআই হিমেল বড়ুয়া জানান, অগ্নিকাণ্ডটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা, তা গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তথ্য-প্রমাণের ভিত্তিতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ