'জাতীয় সংসদে কুরআন যাবে নাকি মানব রচিত মতবাদ, ১২ তারিখ তার পরীক্ষা'

'জাতীয় সংসদে কুরআন যাবে নাকি মানব রচিত মতবাদ, ১২ তারিখ তার পরীক্ষা'

গোলাম রব্বানী, জয়পুরহাট প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে জাতীয় সংসদে পবিত্র কুরআন যাবে, নাকি মানব রচিত মতবাদ যাবে—তার চূড়ান্ত পরীক্ষা হয়ে যাবে। শনিবার দুপুরে ক্ষেতলাল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ এবং বিকেলে জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে আয়োজিত পৃথক দুটি বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান রাজনৈতিক দলগুলোকে আদর্শিক ভিত্তিতে দুই ভাগে বিভক্ত করে বলেন, যারা আল্লাহর আইনের পক্ষে এবং কুরআন-সুন্নাহর আইনের পক্ষে অবিচল আছে, তারাই মূলত আল্লাহর দল। পক্ষান্তরে যারা শরিয়তের আইনের শাসন চায় না, তারা যে নামেই পরিচিত হোক না কেন, পরোক্ষভাবে শয়তানের দল হিসেবেই চিহ্নিত হবে। তিনি দৃঢ়তার সাথে বলেন, দেশের সার্বিক শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য কুরআনকে জাতীয় সংসদে নিয়ে যাওয়া এবং সেই আলোকে আইন প্রণয়ন করা এখন সময়ের দাবি।

সরেজমিনে দেখা যায়, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থীর সমর্থনে আয়োজিত এই জনসভাগুলোতে দুপুরের পর থেকেই জনস্রোত আছড়ে পড়ে। সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। প্রধান অতিথি সভাস্থলে উপস্থিত হলে হাজারো জনতা ‘নারায়ে তাকবীর’ ধ্বনিতে চারপাশ মুখরিত করে তোলেন। এ সময় পাঁচবিবি থেকে আসা এক বৃদ্ধ সমর্থক আবেগাপ্লুত হয়ে বলেন, "আমরা শান্তিতে থাকতে চাই, আর সেটা কেবল আল্লাহর আইনেই সম্ভব। আমরা দীর্ঘদিনের অনিয়মের অবসান ও পরিবর্তন চাই।" ভোটারদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জয়পুরহাটের নির্বাচনী মাঠে এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

পৃথক এই জনসভাগুলোতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাইদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট-২ আসনের প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ, জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোমেন ফকির এবং ১১ দলীয় জোটের জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা আগামী ১২ তারিখের নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দিয়ে একটি ইনসাফপূর্ণ সরকার গঠনের জন্য জেলাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন