মুন্সীগঞ্জে সমাবেশে নাম ঘোষণা নিয়ে বিএনপির দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ

মুন্সীগঞ্জে সমাবেশে নাম ঘোষণা নিয়ে বিএনপির দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে নাম ঘোষণাকে কেন্দ্র করে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার দিঘিরপাড় ইউনিয়ন ও কামারখাড়া বাজার এলাকায় বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এই উত্তেজনার সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দিঘিরপাড় বাজার থেকে বিএনপি নেতা শামিম মোল্লার সমর্থকরা মুন্সীগঞ্জ-২ (টঙ্গিবাড়ী-লৌহজং) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুস সালাম আজাদের পক্ষে একটি মিছিল বের করেন। মিছিলটি কামারখাড়া এলাকায় পৌঁছালে একই দলের সমর্থক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার খানের অনুসারীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এর জের ধরে দুপুর ১টার দিকে উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। জানা গেছে, মিছিলে পূর্ববর্তী সমাবেশে নেতাদের নাম ঘোষণা ও জ্যেষ্ঠতা নিয়ে দ্বন্দ্বে এই ঘটনার সূত্রপাত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, শত শত মানুষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালাচ্ছে। এমনকি এক পক্ষ অপর পক্ষের দোকানে ঢুকেও ভাঙচুর চালায়। এ সময় ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি দেখা গেলেও উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হয়। পরিস্থিতির অবনতি ঘটলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, বিএনপির মিছিলের আগের সমাবেশে নাম ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি থেকে এই ধাওয়া-পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সতর্ক অবস্থান নেওয়ায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন