ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ১১ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে আপন মামা ও ভাগিনাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এই পাশবিক ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন—ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ভাটাজোর গ্রামের নাজমুল (২৫) এবং তার আপন ভাগিনা শ্রীপুর উপজেলার সাইটালিয়া গ্রামের শাকিব (১৭)। নাজমুল ওই এলাকায় শফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে একটি কারখানায় কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির মা-বাবা দুজনেই পোশাক কারখানায় চাকরি করেন। ঘটনার সময় তারা কর্মস্থলে ছিলেন এবং শিশুটি বাসায় একা ছিল। এই সুযোগে প্রতিবেশী নাজমুল ও তার ভাগিনা শাকিব ঘরে প্রবেশ করে শিশুটিকে ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে। শিশুটির আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে অভিযুক্তদের হাতেনাতে ধরে ফেলে এবং পুলিশে খবর দেয়।
ভুক্তভোগী শিশুর মা বলেন, “আমরা গরিব মানুষ, দুজনেই গার্মেন্টসে কাজ করি। মেয়েটা একা থাকার সুযোগ নিয়ে ওরা এই সর্বনাশ করেছে। একজন চেপে ধরেছিল আর অন্যজন এই জঘন্য কাজ করেছে। আমি এই নরপশুদের কঠিন বিচার চাই।”
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে একটি ‘দলবদ্ধ ধর্ষণ’ মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ