ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইউসুফ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার পুটিজুড়ি বন বিটে নিলামে নির্ধারিত পরিমাণের চেয়ে কয়েক গুণ বেশি বাঁশ কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট মহালদার ও বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে সরকারি বনের এই সম্পদ পাচার করা হচ্ছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে বদরুল আলম নামে এক ব্যক্তি সাড়ে ৮ লাখ টাকায় পুটিজুড়ি বন বিটের ৩ হাজার বাঁশ নিলামে ক্রয় করেন। নিয়ম অনুযায়ী, প্রথম কিস্তির টাকা জমা দেওয়ার পর মোট বাঁশের মাত্র এক-তৃতীয়াংশ কাটার অনুমতি থাকলেও বাস্তবে সেই সীমা অনেক আগেই অতিক্রম করা হয়েছে।
একাধিক সূত্রের দাবি, পুটিজুড়ি বিট কর্মকর্তা ও শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তার সহায়তায় ইতোমধ্যে ৫ থেকে ৬ হাজার বাঁশ কেটে বিক্রি করা হয়েছে। আরও ২০ থেকে ৩০ হাজার বাঁশ কাটার পরিকল্পনা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে কর্মরত শ্রমিকরা জানান, তারা ইতোমধ্যে প্রায় ২ থেকে আড়াই হাজার বাঁশ কেটে ফেলেছেন।
অন্যদিকে, বন বিভাগ দাবি করছে এখন পর্যন্ত মাত্র ৪০০ থেকে ৫০০টি বাঁশের ডি-ফরম ইস্যু করা হয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, অনুমোদিত ডি-ফরমের চেয়ে কয়েক গুণ বেশি বাঁশ কীভাবে বন এলাকা থেকে বের হয়ে যাচ্ছে?
অভিযোগের বিষয়ে পুটিজুড়ি বিট কর্মকর্তা আশরাফুল আলম খান অতিরিক্ত বাঁশ পাচারের সুযোগ নেই বলে দাবি করলেও ক্যামেরার সামনে বিস্তারিত বক্তব্য দিতে রাজি হননি। মহালদার বদরুল আলমও বিষয়টি সম্পর্কে পরিষ্কার কিছু না বলে এড়িয়ে যান।
স্থানীয় পরিবেশবাদী ও সচেতন মহলের মতে, বনের সম্পদ রক্ষায় এই অনিয়মের দ্রুত তদন্ত হওয়া প্রয়োজন। অন্যথায় রাষ্ট্রীয় সম্পদ লুটের পাশাপাশি বনাঞ্চল মারাত্মক হুমকির মুখে পড়বে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ