সীমান্তে গুজব ও অপপ্রচার রোধে সবাইকে সজাগ থাকতে হবে: কর্নেল ইফতেখার হোসেন

সীমান্তে গুজব ও অপপ্রচার রোধে সবাইকে সজাগ থাকতে হবে: কর্নেল ইফতেখার হোসেন

সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা প্রতিনিধি: বিজিবি'র কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখার হোসেন বলেছেন, সীমান্ত এলাকার যেকোনো গুজব, উত্তেজনা বা অপপ্রচার রোধে সবাইকে সজাগ থাকতে হবে। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি জনগণের পাশে আছে এবং সবসময় থাকবে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টায় চুয়াডাঙ্গার জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৬-বিজিবি আয়োজিত এক জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্ত অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কর্নেল ইফতেখার হোসেন আরও বলেন, জাতীয় নির্বাচন দেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসব। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও যেকোনো অপতৎপরতা রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ ভোটারদের আশ্বস্ত করে তিনি বলেন, আপনারা নির্ভয়ে ও স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন, এটাই আমাদের মূল প্রতিশ্রুতি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান, উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মাসুদ হায়দার এবং বিজিবি কুষ্টিয়ার সহকারী পরিচালক মোহাম্মদ শামিম পারভেজ। বক্তারা তাদের বক্তব্যে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং সচেতনভাবে ভোট প্রদানের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে সীমান্ত এলাকা দিয়ে কোনো প্রকার অনুপ্রবেশ বা নাশকতামূলক কর্মকাণ্ড যেন না ঘটে, সে বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়।

চুয়াডাঙ্গার এই জনসচেতনতামূলক অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিজিবি কর্মকর্তারা স্থানীয়দের সাথে সরাসরি মতবিনিময় করেন এবং যেকোনো সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করলে তাৎক্ষণিক নিকটস্থ বিজিবি ক্যাম্পে অবহিত করার পরামর্শ দেন। শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সাধারণ মানুষের সহযোগিতাই বিজিবির মূল শক্তি বলে সভায় উল্লেখ করা হয়।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন