ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ: ৯ম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি ২০২৬ থেকে তা বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে তিন দিনব্যাপী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে সরকারি কর্মচারীরা। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামীকাল ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে কর্মসূচির দ্বিতীয় দিনে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এবং বিভিন্ন সরকারি দপ্তরের সামনে কর্মচারীরা শান্তিপূর্ণ অবস্থান নেন। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ সময় ব্যানার-ফেস্টুন হাতে স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ৯ম পে-স্কেল বাস্তবায়ন কমিটি সিরাজগঞ্জের আহ্বায়ক আলহাজ্ব মোঃ রেজাউল রহমান টুটু বলেন, “বর্তমান বাজারমূল্যের ঊর্ধ্বগতিতে ১০ বছর আগের বেতন কাঠামো দিয়ে পরিবার চালানো অসম্ভব হয়ে পড়েছে। প্রতি ৫ বছর অন্তর পে-স্কেল দেওয়ার কথা থাকলেও ১০ বছর পার হয়ে গেছে। আমরা অবিলম্বে গেজেট প্রকাশ করে চলতি বছরের ১ জানুয়ারি থেকে তা কার্যকরের দাবি জানাচ্ছি।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের যুগ্ম সম্পাদক আব্দুল হালিম, জেলা সমন্বয় পরিষদের সভাপতি আব্দুর রশিদ এবং কালেক্টরেট কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মইনুল হোসেন খন্দকার। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনের আগে দাবি মানা না হলে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সংহতি রেখে আগামী ৬ ফেব্রুয়ারি ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ‘ভুখা মিছিল’সহ আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।
বক্তারা অভিযোগ করেন, গত ২১ জানুয়ারি পে-কমিশন রিপোর্ট জমা দিলেও সরকার গেজেট প্রকাশ না করে কালক্ষেপণ করছে। বিশেষ করে জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক কিছু মন্তব্য কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না বলে ঘোষণা দেন।
সিরাজগঞ্জে অনুষ্ঠিত এই অবস্থান কর্মসূচিতে ডাক-বিভাগ, রেলওয়ে, ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের কারণে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ