ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আবু রায়হান, রংপুর ব্যুরো: ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে আর কোনো পরিবারতন্ত্র বা ফ্যাসিবাদী কাঠামো চলতে দেওয়া হবে না। সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রংপুরের শহীদ আবু সাঈদ চত্বরে (বেরোবি গেট) ঐক্যবদ্ধ ছাত্র সংসদের আয়োজনে অনুষ্ঠিত এক গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, "দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হয়ে পুনরায় ফ্যাসিস্ট হয়ে উঠতে চাইলে সেই পথ আমরা চিরতরে বন্ধ করে দেব। যারা নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে পেছন দিয়ে ক্ষমতায় আসতে চায়, আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটে জনগণ তাদের লাল কার্ড দেখাবে।" তিনি আরও বলেন, ইনসাফের প্রতিনিধিদের জয়ী করে আবু সাঈদের রক্তস্নাত বাংলাদেশ বিনির্মাণ করা হবে।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, গত ১৬ বছর যারা মজলুম ছিল, আজ জুলাই বিপ্লব পরবর্তী গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে কথা বলতে তাদের ভয় পাওয়া দুঃখজনক। তিনি বলেন, "তৃণমূলে অনেক নেতাকর্মী এখনও ইনিয়ে-বিনিয়ে ‘না’-এর পক্ষে অবস্থান নিচ্ছে। দেশে এই ডাবল স্ট্যান্ডার্ডবাজি চলবে না। জুলাইয়ের চেতনা ধারণ করতে হলে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান পরিষ্কার করতে হবে।"
নির্বাচন কমিশনের একটি সাম্প্রতিক প্রজ্ঞাপনের সমালোচনা করে ভিপি সাদিক বলেন, "শহীদদের রক্তের বিনিময়ে আপনারা কমিশনার হয়েছেন। অথচ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারে বাধা দিয়ে সুশীলগিরি দেখাচ্ছেন। কার নির্দেশে এই ঘোষণা দিয়েছেন তা স্পষ্ট করতে হবে। দিল্লির দালাল ও হাসিনার কাঠামো টিকিয়ে রাখার অপচেষ্টা আমরা সফল হতে দেব না।"
সাদিক কায়েম আরও উল্লেখ করেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে ২৮ অক্টোবরের লাঠি-বৈঠা দিয়ে হত্যাকাণ্ড, ৫ মে শাপলা চত্বরের গণহত্যা এবং ১৬ বছরের সকল জুলুমের বিচার নিশ্চিত হবে। তিনি বলেন, শহীদদের রক্তের সঙ্গে যারা প্রতারণা করবে, তাদের এ দেশে রাজনীতি করতে দেওয়া হবে না।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি সুমন সরকারের সভাপতিত্বে গণজমায়েতে আরও বক্তব্য রাখেন জাকসু নেতা ফেরদৌস আর হাসান, চক্সু জিএস সাইফ বিন হাবীব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান জাহিন, জামায়াতের কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান বেলালসহ ১১ দলীয় জোট ও ছাত্র সংসদের নেতৃবৃন্দ।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ