সাতক্ষীরার জনগণের নিরাপত্তার দায়িত্ব আমার: কলারোয়ায় হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরার জনগণের নিরাপত্তার দায়িত্ব আমার: কলারোয়ায় হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরার কলারোয়ায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি ও বিএনপির ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, আগামী দিনে তালা-কলারোয়া আসনের মালিক হবে সাধারণ জনগণ এবং তাদের জানমালের নিরাপত্তার পূর্ণ দায়িত্ব তিনি গ্রহণ করবেন। সোমবার বিকেলে উপজেলার কেড়াগাছী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এই জনসভায় তিনি এসব কথা বলেন।

হাবিবুল ইসলাম হাবিব বলেন, বর্তমানে একটি রাজনৈতিক দল সাধারণ মানুষকে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি সাধারণ ভোটারদের মিথ্যা প্রচারণায় কান না দিয়ে উন্নয়নের স্বার্থে এবং নিরাপত্তার নিশ্চয়তা পেতে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। নির্বাচিত হতে পারলে তিনি কাজীহাট ও হঠাৎগঞ্জের ব্রিজ নির্মাণসহ কেড়াগাছী ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের অবকাঠামো উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।

কৃষক ও নারীদের কল্যাণে বিশেষ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মধ্য ও নিম্নবিত্ত পরিবারের নারী প্রধানদের জন্য ২৫০০ টাকা ভাতার 'ফ্যামিলি কার্ড' এবং প্রকৃত কৃষকদের জন্য ৫০০০ টাকা হারে কৃষি ভাতা চালু করা হবে।

কেড়াগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আকতারুল ইসলাম এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন