শ্রীনগরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: উত্তাল বালাসুর

শ্রীনগরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: উত্তাল বালাসুর

মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে জমি সংক্রান্ত বিরোধ ও মার্কেটের নিয়ন্ত্রণ নিয়ে পূর্ব শত্রুতার জেরে আলমগীর (৪৭) নামে এক হোটেল ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করলে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে বালাসুরের কামারগাঁও এলাকায় জমি ও 'তমিজউদ্দিন মার্কেট' নিয়ে স্থানীয় তাপস, রাসেল, কাউসার ও তাজেল গ্রুপের সাথে আলমগীর ও তুষার পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের লাঠিসোটা ও ধারালো অস্ত্রের আঘাতে আলমগীর গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেও দুই গ্রুপ পুনরায় সংঘর্ষে লিপ্ত হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আলমগীর পক্ষের আরও অন্তত দুইজন রক্তাক্ত জখম হয়েছেন।

হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে সকাল ১০টার দিকে নিহতের স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী বালাসুর-দোহার সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা বেশ কয়েকটি দোকান ভাঙচুর করেন এবং বিভিন্ন সরঞ্জামে অগ্নিসংযোগ করেন। এতে ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেন। বেলা ১১টার দিকে সড়ক থেকে অবরোধ সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ওসি জানান, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শঙ্কর কুমার জানান, আলমগীরের মাথা ও শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে আনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

মন্তব্য করুন