খুলনা প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। বিদায়ী সরকারের আমলে নেতাকর্মীরা গুম-খুনের শিকার হয়েছে, গায়েবি মামলায় গ্রেপ্তার ও কারাবরণ করেছে, হামলার শিকার হয়েছে। জনতা সেই সরকারকে রাজপথের আন্দোলনে বিদায় করেছে। সে সরকারের সময় ১৬ কোটি মানুষ নিজে ভোট দিতে পারেনি, কথা বলতে পারেনি। আজ সময় এসেছে অধিকার আদায়ের, অধিকার প্রতিষ্ঠার। মানুষের সমর্থনে সরকার গঠন করতে পারলে বিএনপির প্রথম কাজ হবে দেশকে পুনর্গঠন করা।
তিনি আরো বলেন, দেশকে পুনর্গঠন করতে হলে সব পর্যায়ের মানুষকে সঙ্গে নিতে হবে। নারীদের বাইরে রেখে, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে দেশ পুনর্গঠন করা সম্ভব নয়। খালেদা জিয়া নারী সমাজকে এগিয়ে নিতে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। কিন্তু একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়। তারা নারী নেতৃত্বে বিশ্বাস করে না। তারা নারীদের নিয়ে বাজে ভাষায় মন্তব্য করে, যা মুখে আনা যায় না।’
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনার খালিশপুরে প্রভাতি স্কুল মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘এ দেশের মানুষকে ব্যাপক পরিশ্রম করতে হয়। পেটের তাগিদে ও ভালো জীবনযাপনের জন্য স্বামীর পাশাপাশি স্ত্রীকেও সমানভাবে কাজ করতে হয়। কিন্তু একটি রাজনৈতিক দল চায় নারীদের ঘরবন্দি করে রাখতে। তারা ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করে। তাদের নেতারা বলছে আইডি নাকি হ্যাক হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটা অসম্ভব। আইডি হ্যাকের নামে তারা মিথ্যা বলছে। যারা নারীদের সম্মান করে না, তারা কখনও জনদরদী হতে পারে না। আমরা নারীদের এগিয়ে নিতে চাই, বিএনপি নারীদের সামনে রেখে উন্নয়ন করতে চায়, যাতে তারা স্বাবলম্বী হতে পারে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি সরকারে গেলে মৃৎশিল্প নগরীকে পুনরুদ্ধার করবে। তরুণদের জন্য আইটি পার্ক করবে। কৃষকদের সমস্যা সমাধানে কৃষি কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে ঋণ, বীজ ও সার পাওয়া যাবে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে। কর্মসংস্থান, চিকিৎসা ও নারীদের এগিয়ে নেওয়ার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সহনশীল করতে পারলেই বিএনপি সফল হবে।’
তারেক রহমান বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এ দেশ স্বাধীনতা লাভ করে। এরপর ২০২৪ সালে অভ্যুত্থানের মাধ্যমে এ দেশের স্বাধীনতা রক্ষা হয়েছে। আমরা সব ধর্মের মানুষকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। গত এক যুগ জনগণকে যে বঞ্চনা ও নির্যাতন সহ্য করতে হয়েছে, বিএনপি সরকারে গেলে তা হবে না। একটি শান্তিময় দেশ উপহার দেবো।’
ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘যারা নারী সমাজকে হেয় করছে, তারাই ষড়যন্ত্র ও ছলচাতুরী করছে। আপনাদের সজাগ থাকতে হবে। জনগণের সঙ্গে বিএনপির কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। বিএনপির দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে। বিএনপি জানে কীভাবে দেশকে দুর্নীতিমুক্ত ও নিরাপদ করতে হয়। যেকোনো মূল্যে ধানের শীষকে বিজয়ী করতে হবে এবং সরকার গঠন করে দেশ পুনর্গঠন করবো।’
আই.এ/সকালবেলা