ফ্যাসিবাদী চরিত্র নগ্নভাবে প্রকাশ করেছে জাতীয় পার্টি: আখতার হোসেন

ফ্যাসিবাদী চরিত্র নগ্নভাবে প্রকাশ করেছে জাতীয় পার্টি: আখতার হোসেন

আবু রায়হান, রংপুর ব্যুরো: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘না’ ভোটের ক্যাম্পেইনের মাধ্যমে জাতীয় পার্টি তাদের ফ্যাসিবাদী চরিত্র আবারও নগ্নভাবে জাতির সামনে প্রকাশ করেছে। তারা যতই ‘না’ ভোটের প্রচার চালাক না কেন, সচেতন জনগণ সেটিকে কোনো গুরুত্ব দেবে না; বরং এই গণভোটে জনগণ জাতীয় পার্টিকেই ‘না’ বলে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করবে। 

বুধবার (২১ জানুয়ারি) রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন অভিযোগ করে বলেন, জাতীয় পার্টি দীর্ঘ সময় ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছে এবং তারা একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ ছিল। সে কারণেই তারা বর্তমানের এই অংশগ্রহণমূলক রাষ্ট্র কাঠামোর বিপক্ষে অবস্থান নিয়েছে। অতীতে যেভাবে জাতীয় পার্টি গৃহপালিত বিরোধী দল হিসেবে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনায় যুক্ত ছিল, সেই একই রাজনৈতিক মানসিকতা থেকে তারা এখন ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। তিনি মনে করেন, এটি তাদের পুরনো ফ্যাসিবাদী অভ্যাসেরই বহিঃপ্রকাশ।

নির্বাচনকালীন দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপি সদস্য সচিব বলেন, সাম্প্রতিক সময়ে দেশে যে সব হত্যাকাণ্ড ঘটেছে, সেগুলো আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই ইঙ্গিত দিচ্ছে। যারা ফ্যাসিবাদের দোসর ছিল এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ হতো। আমরা শুরু থেকেই পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর দাবি জানিয়ে আসছি যেন যেকোনো পরিস্থিতি তারা পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলা করতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ গত ৫৪ বছর ধরে যে নিপীড়নের শিকার হয়েছে, সেখান থেকে তারা মুক্তি চায়। জনগণ এখন একনায়কতান্ত্রিক ব্যবস্থার বাইরে একটি অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে। সেই নতুন বাংলাদেশের রূপরেখা জুলাই সনদের মধ্যেই নিহিত রয়েছে। তাই জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়াকেই জনগণের মুক্তির একমাত্র পথ বলে তিনি উল্লেখ করেন। এ সময় তিনি সাংবাদিকদের ভয়ভীতি ও প্রলোভন উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। উল্লেখ্য, আখতার হোসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক গ্রহণ করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন