ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, উপকূলীয় জনপদ কয়রা ও পাইকগাছার মানুষ দীর্ঘদিন ধরে জুলুম, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। হিন্দু-মুসলিম নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ এখন এই দুঃশাসন থেকে মুক্তি ও পরিবর্তন চায়। আইনের সুশাসন নিশ্চিত এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে ভোট প্রদান করবে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী কাছারিবাড়ী বাজার মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা আবুল কালাম আজাদ আরও বলেন, আমরা নির্বাচিত হলে এই জনপদ থেকে সকল প্রকার জুলুম ও দুঃশাসনের অবসান ঘটানো হবে। আমরা জনগণের সম্পদ লুণ্ঠনের রাজনীতি করি না, বরং জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। সাধারণ মানুষের ঘামঝরা সম্পদ আর কাউকে লুট করতে দেওয়া হবে না। তিনি উপকূলীয় এই অঞ্চলকে একটি আধুনিক ও বাসযোগ্য মডেল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
জনসভায় ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলাসহ প্রতিটি ঘরে ঘরে সুপেয় পানি পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি মানসম্মত স্যানিটেশন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতের আমূল পরিবর্তন ঘটানো হবে। ১১ দলীয় জোটের এই প্রার্থী দাবি করেন, দেশবাসী এখন এই জোটের ওপরই আস্থা রাখছে। জনসভাটি স্থানীয় নারী-পুরুষ ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বিশাল সমাবেশে পরিণত হয়।
কয়রা উত্তর বেদকাশী ইউনিয়ন আমীর জি এম নূর কামালের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা এনামুল কবিরের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। এছাড়া খুলনা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম, কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা আবুল কালাম আজাদসহ এনসিপি ও উন্নয়ন ফোরামের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ জনসভায় বক্তব্য প্রদান করেন। বক্তারা আগামী নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার মাধ্যমে টেকসই উন্নয়নের আহ্বান জানান।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ