জামায়াত আমিরের ‘আপত্তিকর’ মন্তব্যের প্রতিবাদে ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের যৌথ বিবৃতি

জামায়াত আমিরের ‘আপত্তিকর’ মন্তব্যের প্রতিবাদে ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের যৌথ বিবৃতি

মনিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: কর্মজীবী নারীদের ঘরের বাইরে কাজ করাকে ‘পতিতাবৃত্তি’ হিসেবে বর্ণনা করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের করা মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। রোববার (১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, গত ৩১ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জামায়াতের শীর্ষ নেতা কর্মজীবী নারীদের নিয়ে অত্যন্ত হীন ও আপত্তিকর মন্তব্য করেছেন। এটি দেশের লাখ লাখ কর্মজীবী নারীর জন্য চরম অবমাননাকর এবং দল হিসেবে জামায়াতের দীর্ঘদিনের নারীবিদ্বেষী মনোভাবেরই বহিঃপ্রকাশ।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন বিবৃতিতে বলেন, "বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। এ দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বিশেষ করে গার্মেন্টস সেক্টরে কর্মরত ৮০ শতাংশ নারীসহ বিভিন্ন পেশার লক্ষ লক্ষ নারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এমন বাস্তবতায় নারীদের শ্রম ও মর্যাদাকে চরমভাবে অপমান করেছেন শফিকুর রহমান।"

নেতৃবৃন্দ আরও বলেন, "জামায়াত আমিরের এই হীন মন্তব্য কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। এর আগে বরগুনা জেলা জামায়াতের এক নেতা ডাকসুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন। তাদের এই ধরনের চেতনা পাকিস্তানি হানাদার বাহিনীর সেই প্রেতাত্মাকে স্মরণ করিয়ে দেয়, যারা ১৯৭১ সালে দুই লক্ষাধিক নারীর সম্ভ্রমহানি করেছিল। এই ধরনের বক্তব্য ভবিষ্যতে কর্মজীবী নারীদের কর্মক্ষেত্রে নানাবিধ প্রতিবন্ধকতা ও সামাজিক হেনস্তার ক্ষেত্র তৈরি করবে।"

বিবৃতিতে ছাত্র সংগঠন দুটির নেতৃবৃন্দ অবিলম্বে জামায়াতে ইসলামীর আমিরকে তার এই কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য জনসম্মুখে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। একইসাথে একাত্তরের পরাজিত এই শক্তির ‘হীন রাজনীতি’ বয়কট করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান তারা।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন