ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ওয়াফিক শিপলু, বগুড়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের নির্বাচনী মাঠ তুলনামূলক শান্ত বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আওয়ামী লীগের মতো বড় প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচনী প্রতিযোগিতার চিরাচরিত উত্তাপ এবার কম অনুভূত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ‘কেটলি’ প্রতীকের পক্ষে গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। গণসংযোগকালে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়নে নিজের পরিকল্পনা তুলে ধরেন।
পথসভায় মাহমুদুর রহমান মান্না বলেন, "একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী থাকলে নির্বাচনের পরিবেশ আরও প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক হয়। কিন্তু এবার বড় দলের (আওয়ামী লীগ) অংশগ্রহণ না থাকায় মাঠে সেই পুরোনো আবহ নেই। তারপরও আমি চাই ভোটাররা উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে আসুক এবং নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিক।"
নির্বাচিত হলে শিবগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান খাতে আমূল পরিবর্তনের অঙ্গীকার করেন মান্না। তিনি বলেন, "শিবগঞ্জের মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলো সমাধান করাই আমার মূল লক্ষ্য। আপনাদের ভালোবাসা ও সমর্থন পেলে আমি একটি আধুনিক শিবগঞ্জ গড়তে পারব।"
গণসংযোগকালে মান্নার সঙ্গে নাগরিক ঐক্যের স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। 'কেটলি' প্রতীকের মিছিলে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। ভোটাররাও প্রার্থীর কাছে এলাকার ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তাঘাটের সংস্কারসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
উল্লেখ্য, বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্না ছাড়াও বিএনপি মনোনীত মীর শাহে আলম (ধানের শীষ) ও জামায়াতে ইসলামীর মাওলানা শাহাদাতুজ্জামানসহ (দাঁড়িপাল্লা) বেশ কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বড় প্রতিদ্বন্দ্বী না থাকলেও মিত্রদল বিএনপির প্রার্থীর বিরুদ্ধে এর আগে সংবাদ সম্মেলন করে প্রচারণায় বাধার অভিযোগ তুলেছিলেন মান্না, যা এই আসনের নির্বাচনী সমীকরণকে কৌতূহলপূর্ণ করে তুলেছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ