পুলিশের ফাইল এখন আর আটকে থাকে না: আইজিপি

প্রকাশ: শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ণ
পুলিশের ফাইল এখন আর আটকে থাকে না: আইজিপি

নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকার পুলিশের প্রতি অত্যন্ত আন্তরিক ও সহানুভূতিশীল এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বাহিনীকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

শুক্রবার (৮ মে ২০২৬) দুপুরে রাজধানীর ৩০০ ফুট এলাকায় খিলক্ষেত পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, "আগে পুলিশের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে আমলাতান্ত্রিক জটিলতার কথা শোনা যেত। ফাইল গেলেও সময়মতো সিদ্ধান্ত পাওয়া যেত না। কিন্তু এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে। নতুন সরকার নতুন উদ্যমে কাজ করছে এবং পুলিশের যৌক্তিক দাবিগুলো দ্রুত পূরণ হচ্ছে।" তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষা ও পুলিশের আধুনিকায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

পুলিশের জনবল সংকট প্রসঙ্গে আলী হোসেন ফকির জানান, নতুন অর্থবছরে এই সমস্যা সমাধানের বিষয়ে সরকারের পক্ষ থেকে নিশ্চয়তা পাওয়া গেছে। এছাড়া বিগত সময়ের রাজনৈতিক অস্থিরতার কারণে পুলিশ সপ্তাহ আয়োজন করা সম্ভব না হলেও, এবার নতুন সরকারের আমলে নতুন আঙ্গিকে পুলিশ সপ্তাহ আয়োজনের প্রস্তুতি চলছে।

আইজিপি বলেন, "বাংলাদেশ পুলিশ একটি আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। এক সময় পুলিশ কিছুটা বিশৃঙ্খল অবস্থায় থাকলেও এখন পরিস্থিতি অনেকটা গুছিয়ে আনা হয়েছে।" জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তিনি সাধারণ মানুষ ও গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করেন।