মেয়েদের অনার্স পর্যন্ত বিনামূল্যে পড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ণ
মেয়েদের অনার্স পর্যন্ত বিনামূল্যে পড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ প্রতিনিধি: নারীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারিত করতে এবার অনার্স (স্নাতক) পর্যায় পর্যন্ত বিনা খরচে শিক্ষা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, এই পর্যায়ের শিক্ষার যাবতীয় ব্যয়ভার বহন করবে সরকার।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের উচ্চমাধ্যমিক (ইন্টারমিডিয়েট) পর্যন্ত শিক্ষা অবৈতনিক করেছিলেন। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে পেছনে রেখে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় বলেই বর্তমান সরকার নারীদের জন্য অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সিদ্ধান্ত নিয়েছে। তিনি ছাত্রীদের মন দিয়ে পড়াশোনা করার আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে ভালো ফলাফলকারীদের জন্য সরকারি উপবৃত্তির ব্যবস্থা করা হবে।

এ সময় সুবিধাবঞ্চিত পরিবারের এক কোটি ২০ লাখ শিশুর হাতে পর্যায়ক্রমে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ পৌঁছে দেওয়া এবং প্রতিবছরের ন্যায় নতুন বই দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে আগামী পাঁচ বছরের মধ্যে প্রতিটি ঘরে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি পুনর ব্যক্ত করেন।

কিশোরগঞ্জ সফরে তিনি ফ্যামিলি কার্ড কার্যক্রম এবং ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। এর আগে পাকুন্দিয়ার পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ এবং শোলাকিয়া ঈদগাহ মাঠে প্রায় ৬ কোটি টাকার উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, স্থানীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম ও জালাল উদ্দীন সহ বিএনপির জ্যেষ্ঠ নেতা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন