‘জনগণের ট্যাক্সে চলি, জবাবদিহিতা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব’: মির্জা ফখরুল

‘জনগণের ট্যাক্সে চলি, জবাবদিহিতা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব’: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি বিধ্বস্ত অর্থনীতি ও রাষ্ট্রব্যবস্থার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী স্মরণ করিয়ে দেন যে, সরকারি কর্মকর্তারা জনগণের ট্যাক্সের টাকায় চলেন, তাই জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব। মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী সভায় সার্বিক কার্যক্রমের ওপর উপস্থাপনা পেশ করেন।

সফল রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ভিন্নমত ও বিভেদ ভুলে একটি ‘টিম’ হিসেবে কাজ করলে উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। তিনি জোর দিয়ে বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার মূল লক্ষ্যই হলো জনগণের আস্থা পুনরুদ্ধার করা। গ্রামের মানুষের কষ্টের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এটি কেবল আবেগ নয়, বরং একটি বাস্তব সামাজিক সত্য; তাই কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তাদের কষ্ট লাঘব করা সরকারের অগ্রাধিকার। এছাড়া আইনশৃঙ্খলা উন্নয়ন ও কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনমনে শান্তি ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর পরিষ্কার বার্তার কথা তিনি পুনরায় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, এই মন্ত্রণালয় সরাসরি সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত। তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহার ও ঘোষিত ৩১ দফা কেবল রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং জনগণের সঙ্গে করা একটি ‘সামাজিক চুক্তি’। প্রতিমন্ত্রী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান যেন তারা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করেন। একটি কল্যাণমুখী ও মানবিক রাষ্ট্র গঠনে মন্ত্রণালয়ের সক্রিয় উদ্যোগই পরিবর্তনের প্রধান চালিকাশক্তি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন