নাগরিক সেবা সহজ ও হয়রানিমুক্ত করার নির্দেশ গৃহায়নমন্ত্রীর
সকালবেলা প্রতিবেদক: সাধারণ মানুষের সেবা নিশ্চিতের ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি না করতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের।
বৃহস্পতিবার (১৪ মে) ঢাকার সেগুনবাগিচায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। মন্ত্রী জানান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কার্যক্রম ও ভূমি ব্যবস্থাপনা দ্রুত ডিজিটালাইজড করা হবে।
কর্মকর্তাদের উদ্দেশ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, অতিরিক্ত অর্থলোভ সমাজের নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে বিনষ্ট করছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ রেখে যেতে সততার চর্চা ও আত্মশুদ্ধি অপরিহার্য।
সভায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, ফ্ল্যাট বা প্লটের মালিকানা হস্তান্তরসহ সকল নাগরিক সেবা সহজ ও দ্রুততম সময়ে নিশ্চিত করা জরুরি। অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগমসহ মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা