কুষ্টিয়ায় পৃথক বজ্রপাতে ২ কৃষক নিহত
সকালবেলা প্রতিবেদক: কুষ্টিয়ার সদর ও দৌলতপুর উপজেলায় মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে দুই কৃষক নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকোলা ও দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুরে পৃথক এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃষ্টির মধ্যে কাজ করার সময় দহকোলা এলাকায় বজ্রপাতে তড়িতাহত হন তিন কৃষক। তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রওশন আলী (৫০) মারা যান। তিনি দহকোলা কারিগরপাড়ার মোসলেম উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত সমেজ আলী ও আব্দুল জলিল একই হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
অন্যদিকে, দৌলতপুর উপজেলার নারায়ণপুর গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে আহত হন আরোজ আলী (৫৫) নামের এক কৃষক। পরে তাঁকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মো. আকুল উদ্দিন ও দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম তুহিন দুজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।
এআইএল/সকালবেলা