ভারতে পালানোর সময় মেহেরপুর জেলা আ: লীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ণ
ভারতে পালানোর সময় মেহেরপুর জেলা আ: লীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সকালবেলা অনলাইন: ভারতে যাওয়ার চেষ্টাকালে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্টে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ইমিগ্রেশন পারাপারের সময় সন্দেহ হলে পাসপোর্ট ও ভিসা যাচাই-বাছাই শেষে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এম এ খালেক মেহেরপুরের গাংনী বাজারের থানা রোড এলাকার বাসিন্দা।

দর্শনা ইমিগ্রেশন পুলিশ জানায়, এম এ খালেকের বিরুদ্ধে গাংনী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। এর আগে ২০২৫ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে প্রধান আসামি করা হয়। ওই মামলায় গাংনীর নিজ বাড়ি থেকে তৎকালীন সময়ে র‍্যাব তাঁকে গ্রেপ্তার করে। পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে তিনি আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার হঠাৎ মেডিকেল ভিসা ব্যবহার করে ভারতে পালানোর চেষ্টা চালান তিনি।

দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তুহিন মিয়া জানান, গ্রেপ্তার করা আওয়ামী লীগ নেতাকে পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য গাংনী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন