আগামী বছর নেপাল সফর করবে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: ২০২৭ সালের মার্চ মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ খেলতে নেপাল সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই সফরের আনুষ্ঠানিক বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সূচি অনুযায়ী, আগামী ২৬, ২৮ ও ৩০ মার্চ টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে।
সম্প্রতি নেপালে ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুরো সিরিজটি তাদের উদ্দেশ্যে উৎসর্গ করার কথা জানিয়েছে বিসিবি। একই সাথে বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালি জনগণের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেছে বোর্ড।
ক্রিকেট সংক্রান্ত এই সফরের সূচনা হয়েছিল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারির মধ্যকার এক আনুষ্ঠানিক বৈঠকে। এরই ধারাবাহিকতায় নেপালের রাষ্ট্রদূত সম্প্রতি বিসিবি কার্যালয় পরিদর্শন করে বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনায় অংশ নেন। বৈঠকে সফরটি চূড়ান্ত করার পাশাপাশি দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিসিবি জানিয়েছে, নেপালের এই দুর্দিনে তাদের পাশে থাকার এবং সহমর্মিতা প্রকাশের বার্তা নিয়ে এই সিরিজটি বড় ভূমিকা রাখবে। এছাড়া নেপালে ক্রিকেটের সার্বিক উন্নয়নে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (সিএএন) প্রয়োজনীয় সব সহযোগিতা দেওয়া অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে বিসিবি।