ইবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে ৪২ সদস্যের প্রস্তুতি কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য শুভ আগমনকে কেন্দ্র করে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনূর রহমানকে আহ্বায়ক করে ৪২ সদস্যের এক শক্তিশালী প্রস্তুতি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমানকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ক্যাম্পাসের সার্বিক প্রস্তুতি গ্রহণ, বিভিন্ন প্রশাসনিক ও নিরাপত্তা কার্যক্রমের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় রক্ষা এবং অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যেই এই কমিটি কাজ করবে।
গঠিত এই প্রস্তুতি কমিটিতে উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় শিক্ষক, আবাসিক হলের প্রভোস্টবৃন্দ, প্রশাসনিক প্রধানদের পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট, টিএসসিসি এবং আন্তর্জাতিক শিক্ষার্থী বিষয়ক দপ্তরের প্রতিনিধিরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
এ প্রসঙ্গে কমিটির সদস্যসচিব ও রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, প্রধানমন্ত্রীর আগমনকে স্মরণীয় করে রাখতে ইতোমধ্যে বেশ কিছু উপকমিটি গঠন করে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করা হয়েছে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত 'শহীদ আবরার ফাহাদ হল' আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের উদ্দেশ্যে আগামী মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসার কথা রয়েছে।