মোহাম্মদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ণ
মোহাম্মদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

সকালবেলা প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীদের চাপাতির আঘাতে মো. হৃদয় মিয়া (২৫) নামে এক মুদি ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। এ সময় তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ও নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে মোহাম্মদপুরের সাদেক খান রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত হৃদয় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার দুর্গাপুর গ্রামের সবুজ মিয়ার ছেলে। বর্তমানে তিনি ধানমন্ডির শংকর এলাকায় বসবাস করেন।

আহতের বন্ধু মোহাম্মদ বিপ্লব জানান, সকালে হৃদয় মোটরসাইকেল চালিয়ে কৃষি মার্কেটে মালামাল কিনতে যাচ্ছিলেন। পথে ৪-৫ জনের একদল সশস্ত্র ছিনতাইকারী তাঁর পথরোধ করে চাপাতি দিয়ে পিঠ ও কোমরে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরবর্তীতে তাঁর ব্যবহৃত সুজুকি জিক্সার মোটরসাইকেল ও সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, ভুক্তভোগী ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন