ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া দশজন বিশিষ্ট ব্যক্তির মধ্যে সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই দপ্তর বণ্টনের তথ্য নিশ্চিত করা হয়। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি তাঁদের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছিল।
প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে বিএনপির তিন জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (মির্জা আব্বাস), নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন এবং রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পেয়েছেন পাঁচজন উপদেষ্টা। তাঁদের মধ্যে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম। জাহেদ উর রহমানকে দেওয়া হয়েছে পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিভাগের দায়িত্ব। এছাড়া মাহ্দী আমিনকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। রেহান আসিফ আসাদ পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব।
নবনির্বাচিত এই সরকারে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ইতোমধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। উপদেষ্টাদের এই দপ্তর বণ্টনের মাধ্যমে নতুন সরকারের প্রশাসনিক নীতিনির্ধারণী কাঠামোটি পূর্ণাঙ্গ রূপ পেল।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ