সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ণ
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: অবৈধ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মালিকানাধীন স্থাবর সম্পত্তি ক্রোক (জব্দ) এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের (ফ্রিজ) আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত এই নির্দেশ দেন।

দুদকের আইনি আবেদনে বলা হয়, দেশের বিভিন্ন এলাকায় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নামে আনুমানিক ১ কোটি ৮৭ লাখ টাকার অসঙ্গতিপূর্ণ সম্পদের সন্ধান মিলেছে। অনুসন্ধান চলাকালে এসব সম্পদ হস্তান্তর বা পাচার রোধে ক্রোক ও অবরুদ্ধ করার সুনির্দিষ্ট প্রার্থনা জানানো হয়।

আদালতের আদেশ অনুযায়ী, জব্দের তালিকায় সাবেক রাষ্ট্রপতির নামে থাকা ১৮টি প্লট রয়েছে। এ ছাড়া বিভিন্ন ব্যাংকে তাঁর নামে পরিচালিত দুটি অ্যাকাউন্টে থাকা মোট ৩৭ হাজার টাকা অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

দুদক সূত্রে জানা যায়, প্রাথমিক অনুসন্ধানে উঠে আসা এসব সম্পদ তাঁর ঘোষিত ও বৈধ আয়ের উৎসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইতিপূর্বে ইসলামী ব্যাংকের আর্থিক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা পৃথক একটি মামলায়ও সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে আসামি করা হয়।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন