পুলিশের জঙ্গিবিরোধী ইউনিট থাকছে না

প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ
পুলিশের জঙ্গিবিরোধী ইউনিট থাকছে না

নিজস্ব প্রতিবেদক: জঙ্গিবাদ ও উগ্রবাদ দমনে গঠিত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ও অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) থাকছে না। এই দুই ইউনিটকে একীভূত করে নতুন একটি ইউনিট করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রস্তাবিত নতুন এই ইউনিটের নাম ঠিক করা হয়েছে স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ)। এর প্রধান হবেন একজন অতিরিক্ত আইজিপি। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, সিটিটিসি ও এটিইউ-এর বর্তমান জনবল এবং অর্গানোগ্রাম একীভূত করে নতুন ইউনিটের কাঠামো তৈরি করা হয়েছে। এতে নতুন কোনো পদ সৃষ্টি করা হবে না।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গঠিত এই দুই ইউনিটের বিরুদ্ধে জঙ্গিবাদ দমনের নামে বিতর্কিত কার্যক্রম, গুম এবং গোপন বন্দিশালায় আটকে রেখে নির্যাতনের গুরুতর অভিযোগ রয়েছে। বিশেষ করে সিটিটিসির বিভিন্ন ‘জঙ্গি আস্তানা’ অভিযান এবং এটিইউ-এর কর্মকাণ্ড নিয়ে মানবাধিকার সংগঠন ও বর্তমান সরকার প্রশ্ন তুলেছে। গুম-সংক্রান্ত কমিশনের প্রতিবেদনেও এই ইউনিটগুলোর গোপন বন্দিশালা থাকার বিষয়টি উঠে এসেছে।

সূত্র জানায়, প্রস্তাবিত নতুন ইউনিটের প্রধান কার্যালয় হিসেবে মিন্টো রোডে ডিএমপির গোয়েন্দা বিভাগের চত্বরে থাকা বর্তমান সিটিটিসি ভবন এবং আগারগাঁওয়ে নবনির্মিত ভবনটি ব্যবহারের প্রস্তাব করা হয়েছে। এটিইউর বর্তমানে নিজস্ব কোনো ভবন নেই।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম বলেন, “সিটিটিসি ও এটিইউ একীভূত করার আলোচনা বিভিন্ন সময় এসেছে। কাজের ধরন একই হওয়ায় এই প্রস্তাবটি গুরুত্বের সাথে বিবেচনায় রয়েছে।”

অন্যদিকে মানবাধিকারকর্মী নূর খান লিটন এই ইউনিটগুলো বন্ধের দাবি জানিয়ে বলেন, “এসব ইউনিট হন্তক হয়ে আবির্ভূত হয়েছিল। যারা অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় এনে এই ইউনিট বন্ধ করা উচিত।”

পুলিশের এই বড় পরিবর্তনের ফলে সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদ শব্দসংশ্লিষ্ট নামের কোনো বিশেষায়িত ইউনিট আর পুলিশে থাকছে না বলে জানা গেছে।