ভোট কারচুপির শঙ্কা নেই, নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভোট কারচুপির শঙ্কা নেই, নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু: স্বরাষ্ট্র উপদেষ্টা

আবু রায়হান, রংপুর ব্যুরো: স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের আশঙ্কা নেই। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "আপনারা আমাদের সহযোগিতা করবেন। কোথাও যদি কোনো অনিয়ম বা কারচুপির চেষ্টা হয়, তবে সাথে সাথে আমাদের জানাবেন। আমরা তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেব। এবারের নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর। আমরা একটি ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।"

বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, প্রতিটি এলাকার পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, "আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।"

মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম এবং রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিবি, র‍্যাব, আনসার এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের উদ্দেশ্যে রংপুর ত্যাগ করেন।

মন্তব্য করুন