কার্যকর প্রতিষ্ঠানই শক্তিশালী রাষ্ট্রের ভিত্তি: মির্জা ফখরুল

কার্যকর প্রতিষ্ঠানই শক্তিশালী রাষ্ট্রের ভিত্তি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কার্যকর প্রতিষ্ঠানই একটি শক্তিশালী ও উন্নয়নমুখী রাষ্ট্র গঠনের ভিত্তি। একটি সফল রাষ্ট্র বিনির্মাণে সবার ঐক্যবদ্ধভাবে কাজ করা অত্যন্ত জরুরি।

বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র—এই তিনটি স্তর একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ভিন্নমত ও বিভেদ ভুলে দলগতভাবে কাজ করলে উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। তিনি উল্লেখ করেন, একটি বিধ্বস্ত অর্থনীতি ও দুর্বল রাষ্ট্রব্যবস্থার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে। জনগণের করের অর্থে সরকার পরিচালিত হয়, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, গত পনেরো বছরে দুর্বল ও অকার্যকর হয়ে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনরুজ্জীবিত করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠান শক্তিশালী করা মানে শুধু প্রশাসনিক কাঠামো ঠিক করা নয়, বরং জনগণের আস্থা পুনরুদ্ধার করা।

গ্রামের মানুষের কষ্ট লাঘবে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সরকার কাজ করছে বলেও জানান তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতি কঠোরভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনা সরকারের অগ্রাধিকার বলে উল্লেখ করেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, এ মন্ত্রণালয় সরাসরি সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত। নির্বাচনী ইশতেহার ও ঘোষিত ৩১ দফা জনগণের সঙ্গে করা সামাজিক অঙ্গীকার। জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করলে সেগুলোর বাস্তবায়ন সম্ভব হবে।

সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধীন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন